নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম আরকে এইচ দাখিল মাদ্রাসায় গোপনে নিয়োগ ও অনিয়মের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত নিয়োগ পদ স্থগিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে মাদ্রাসার সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগও তোলেন তারা। এ কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিষয়টি তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন আঃ মতিন সরকার, লিটন আলী, হান্নান আলী, সজিব আহমেদ ও আশিক রহমানসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে তা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করবে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত পদটির নিয়োগ স্থগিতের দাবি জানান।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।