মানবাধিকার সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী 'মানবাধিকার বিষয়ে কর্মশালা এবং মতবিনিময় অনুষ্ঠান'। আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির আয়োজন করেছে মানবাধিকার সংগঠন 'কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, ময়মনসিংহ বিভাগ'। অনুষ্ঠানটি পরিচালনায় থাকছে 'মাসিক আইন ও বিচার পত্রিকা'।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম সেবা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান এতে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা। সংগঠনের উপদেষ্টা এবং 'আইন ও বিচার' পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগঠনের জামালপুর জেলা শাখার সভাপতি এম এইচ মজনু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ ও অধ্যক্ষ মো. সাকির হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ফেরদৌসআরা মাহমুদা হেলেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ড. ইঞ্জি. রফিকুল ইসলাম এবং ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম।
এছাড়া কেন্দ্রীয়, স্থানীয় শাখা নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইবনুল সাঈদ রানা এবং সাধারণ সম্পাদক কাজী আলম।
মানবাধিকার সংরক্ষণ ও আইনি সহায়তা বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানটি সফল করতে অত্র অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।