× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালালচক্রের ৯ সদস্য আটক, ৬ জনের কারাদণ্ড

১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালালচক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে আটক ৯ জনের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা বিভিন্ন ব্যক্তিকে গাড়িসংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার চেষ্টা করছিল দালালচক্রের সদস্যরা। বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে পিসি মো. খোরশেদ আলম ও এপিসি মো. আল মিজানের নেতৃত্বে কার্যালয়ের অভ্যন্তরে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দালালচক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. সুমন শেখ (৪০), মো. রাজন মিয়া (৩৫), মো. মহসিন আহমেদ (৫৭), ইমরান হোসেন (২৫), জামাল হোসেন (৫২), মো. সজিব (৩৫) এবং আরো তিনজন। পরে আটক ব্যক্তিদের মিরপুর বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের কাছে হাজির করা হলে তিনি মো. সুমন শেখ, মো. রাজন মিয়া ও মো. মহসিন আহমেদকে ৩০ দিনের, ইমরান হোসেনকে ৬০ দিনের এবং জামাল হোসেন ও মো. সজিবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর তিনজনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ৬ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে আনসার সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করেন পিসি মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান, আনসার সদস্য নয়ন চন্দ্র, মো. রোকনুজ্জামান, মো. রাকিব মিয়া ও মো. শাহ ইমরান।

জনসাধারণকে দালালচক্রের অনৈতিক কার্যক্রম থেকে সুরক্ষা দিতে এবং সরকারি সেবাকেন্দ্রে স্বচ্ছ ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয় না করে নির্ধারিত নিয়মে সরাসরি সেবা গ্রহণের জন্য সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.