× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসার সদস্যদের হাতে যুবক আটক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০ পিএম

গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসার সদস্যদের তৎপরতায় মোঃ মোকলেস (২২) নামে এক যুবক আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি করা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়। আনসার সদস্যদের সতর্কতা, তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের কারণে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ চুরির চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।


 জানা যায়, ১২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টায় ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু প্রতিষ্ঠানের অভ্যন্তরে সন্দেহভাজন এক ব্যক্তির উপস্থিতির বিষয়টি কর্তব্যরত আনসার পিসি মোঃ মামুন গাজীকে অবহিত করেন। সংবাদ পেয়ে তিনি এপিসি আনাম হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভবনের ভেতরে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে আনসার সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে আটক করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে ভবনের পেছনের অংশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভবনের ভেতরে বৈদ্যুতিক তার কাটার বিষয়টি শনাক্ত করা হয়। প্রতিষ্ঠানের মালিকপক্ষের উপস্থিতিতে ভবনের পেছনে গিয়ে গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায় এবং ভেতর থেকে আনুমানিক ৭০-৮০ হাজার টাকা মূল্যের তামার মোটা বৈদ্যুতিক তার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার কাটার একটি যন্ত্রও উদ্ধার করা হয়।


আটক ব্যক্তি মোঃ মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে জয়দেবপুর থানায় সংবাদ দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণসহ জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে চুরির চেষ্টা প্রতিহত করে একজনকে আটক এবং চুরি হতে যাওয়া মালামাল উদ্ধার তারই একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও নিরাপত্তা ও জনকল্যাণে আনসার ও ভিডিপির সদস্যদের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.