× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দপুরে একাদশে ভর্তির দাবিতে সড়ক অবরোধ

৪৮ শিক্ষার্থীর জিপিএ-৫ না পাওয়ায় নিজ কলেজে ভর্তির সুযোগ অনিশ্চিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১ পিএম

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কলেজটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়া ৪৮ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ওই এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের দাবি, ষষ্ঠ শ্রেণি থেকে দীর্ঘদিন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করে আসা শিক্ষার্থীদের একটি অংশ চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়নি। কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ-৫ নির্ধারণ করায় এসব শিক্ষার্থী নিজেদের প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করার সুযোগ পাচ্ছেন না। ফলে দীর্ঘদিনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থেকে তাঁরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে এসেছেন তাঁরা। এসএসসি পরীক্ষায় সামান্য ব্যবধানে জিপিএ-৫ না পাওয়ার কারণে নিজ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না পাওয়া তাঁদের জন্য হতাশাজনক। দীর্ঘদিনের শিক্ষার্থী হিসেবে বিষয়টি বিবেচনা করে অন্তত তাঁদের নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।

অভিভাবকদের ভাষ্য, তাঁদের সন্তানদের অনেকেই অল্প নম্বরের ব্যবধানে জিপিএ-৫ পাননি। একই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় পড়াশোনা করা শিক্ষার্থীদের বিষয়টি মানবিক ও বাস্তবতার আলোকে বিবেচনা করা উচিত। তাঁরা ভর্তি-সংক্রান্ত শর্ত পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার সুযোগ দিতে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিভাবকদের পক্ষ থেকে জানা যায়, ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে ৪৮ শিক্ষার্থীর অভিভাবকেরা ইতিমধ্যে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছেও ভর্তি-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন তাঁরা।

কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে চলতি বছর এসএসসি পরীক্ষায় ১০১ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ১০০ জন উত্তীর্ণ হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন। অর্থাৎ ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চলতি বছর কলেজটিতে ৩৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। গত ২৭ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-৫ উল্লেখ করা হয়। এ শর্তের কারণে কলেজটির নিজস্ব ৪৮ শিক্ষার্থী ভর্তির আবেদন করার সুযোগ থেকে বাদ পড়ার পরিস্থিতিতে পড়েছেন।

সড়ক অবরোধ চলাকালে ঘটনাস্থলে যান নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির বিষয়টি শোনেন। পরে শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতিবছর কলেজে ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, তাঁরা নিয়ম ভেঙে ভর্তি নয়, বরং দীর্ঘদিনের শিক্ষার্থী হিসেবে তাঁদের সন্তানদের বিষয়টি বিশেষভাবে বিবেচনার দাবি জানাচ্ছেন। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকারি ভর্তি নীতিমালা অনুসরণ করেই শিক্ষার্থী ভর্তি করতে হবে। ফলে ৪৮ শিক্ষার্থীর ভর্তির বিষয়টি এখন কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.