× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারেক রহমানের জীবনযাপন নিয়ে যা বললেন মন্ত্রী জাহিদ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাদাসিধে ও বিনয়ী জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, তারেক রহমানকে কাছ থেকে দেখলে কিংবা তাঁর জীবনযাপন লক্ষ্য করলে বোঝার উপায় নেই যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান।

রোববার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাধারণ জীবনযাপন করার কথা ছিল না। কিন্তু তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশের মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। তৃণমূলের নেতাকর্মীদের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব নয়।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোনো নির্বাচনে দলের সিদ্ধান্তের প্রতি শতভাগ অনুগত থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা অভ্যন্তরীণ বিভাজনের কারণে যেন দলের সাংগঠনিক শক্তি দুর্বল না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, অতীতের জাতীয় নির্বাচনে স্থানীয় পর্যায়ে যেসব ভুলত্রুটি ও প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছিল, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে নতুন করে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মীদের শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, দুর্যোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। এতে জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় হবে।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সংসদ সদস্য বিলকিস ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁরা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.