× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারনে ফতুল্লা কুতুবপুর এনায়েতনগর ইউনিয়ন অন্তর্ভুক্ত হচ্ছে

আবু সাঈদ কাদেরী, নারায়ণগঞ্জ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে জেলা প্রশাসক সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার পক্ষে মতামত জানিয়ে পত্র দিয়েছেন। তবে আগের প্রস্তাবে থাকা কাশীপুর ইউনিয়নকে সর্বশেষ প্রতিবেদনে অন্তর্ভুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির ৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রে স্থানীয় সরকার বিভাগকে এ মতামত জানানো হয়।

নারায়ণগঞ্জ পৌরসভা ১৮৭৬  সালের ৮ সেপ্টেম্বর গঠিত হয়। এছাড়া ২০০০ সালের পর কদম রসুল পৌরসভা এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা গঠন হয়। সরকার ২০১১  সালের ৫ মে ওই তিন পৌরসভা বিলুপ্ত করে এবং একই সাথে তিনটি পৌরসভা এলাকাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়। এর নাম " নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন  " নামে নামকরন করা হয়। সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে মোট তিন বার নির্বাচন হয়। সরকার ওই সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনের উদ্যোগ নেয়।স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়।পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রোন ফুটেজসহ প্রতিবেদন দাখিল করে। গণশুনানি ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালার ৩ নম্বর বিধি অনুযায়ী ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো এবং জনমত বিবেচনায় এসব এলাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী। তবে সর্বশেষ প্রতিবেদনে কাশীপুর ইউনিয়নের কোনো অংশকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়নি। অথচ এর আগে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছিল।

এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের উদ্যোগে সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের পূর্ণাঙ্গ এবং তিনটি ইউনিয়নের আংশিক এলাকা সিটি কর্পোরেশনে যুক্ত করার প্রস্তাব করা হয়। গত ৭ জুলাই সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রস্তাবিত সীমানা নিয়ে সংশ্লিষ্ট বাসিন্দাদের আপত্তি ও পরামর্শ জানানোর আহ্বান জানান।

প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ নাসিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল। এ ছাড়া ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের একাংশ, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একাংশ সিটির আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল।

গণশুনানি ও সরেজমিন পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদনে অবশ্য ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্তির বিষয়ে মত দেওয়া হয়েছে। এতে আগের প্রস্তাবের কাশীপুর অংশটি বাদ পড়েছে। প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.