বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে বাহিনীতে প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
একই সঙ্গে জননিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করে আনসার ও ভিডিপির জনসম্পৃক্ততা আরও জোরদার করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
দেশব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯টি রেঞ্জের ৩৯২টি উপজেলার ৪১৮টি কলেজের মোট ২৫ হাজার ৯৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। মোট ১০ কর্মদিবসের প্রশিক্ষণটি তিন সপ্তাহে সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম সপ্তাহে ৪ কর্মদিবস, দ্বিতীয় সপ্তাহে ৩ কর্মদিবস এবং তৃতীয় সপ্তাহে ৩ কর্মদিবস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণটি মোট ১৬টি মডিউল ও ৬০টি সেশনে পরিচালিত হচ্ছে। এতে শারীরিক প্রশিক্ষণ ও ড্রিলের পাশাপাশি আনসার-ভিডিপির ইতিহাস, সাংগঠনিক কাঠামো, মানবনিরাপত্তা, সামাজিক অপরাধ ও গুজব প্রতিরোধ, কমিউনিটি এ্যালার্ট ব্যবস্থা, স্বল্পকালীন মোতায়েন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাহিনীর ডিজিটাল প্ল্যাটফর্মসমূহ যেমন AVMIS, STDMS, TRGMS ও AVJOBS Portal-এর কার্যক্রম ও ব্যবহারবিধি, কর্মসংস্থান সৃজন, উদ্যোক্তা উন্নয়ন, কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ উন্নয়ন, ফ্রিল্যান্সিং ও অনলাইন মার্কেটিংয়ের মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মমুখী শিক্ষার রূপরেখায় চলমান এই মৌলিক প্রশিক্ষণে ইতিমধ্যে জাপানি ভাষা শিক্ষাসহ অন্যান্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ চালু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও সদর উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপের উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর রেঞ্জের সম্মানিত রেঞ্জ কমান্ডার, উপমহাপরিচালক জনাব মোহাম্মদ আবদুল আউয়াল। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। প্রশিক্ষণার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি তরুণদের সামাজিক দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জনকল্যাণ ও জননিরাপত্তামূলক কার্যক্রমে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রেও এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসম্পৃক্ত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণার্থীদের মধ্যে সমাজের প্রতি দায়িত্বশীলতা ও সেবার মানসিকতা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা সৃষ্টি, জননিরাপত্তায় সহযোগিতা, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তরুণরা কীভাবে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
মানবসম্পদ উন্নয়ন ও আত্মনির্ভরতার ক্ষেত্রেও আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীর বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কর্মদক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সক্ষমতা অর্জন করতে পারেন। কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে এ ধারার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
কলেজভিত্তিক এই ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় গ্রহণ করছেন। নতুন এ প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চালুর মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের শিক্ষা, দক্ষতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধকে সমন্বিত করে তাদের দক্ষ, দায়িত্বশীল ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণদের অংশগ্রহণকে আরও গতিশীল করবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
