নোয়াখালীর পশ্চিম মাইজদী মুরগি ফার্ম এলাকায় খরিদা সম্পত্তিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লক্ষ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় কিশোর গ্যাং। হামলার পর প্রবাসীর ৪ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ১২ সেপ্টেম্বর। ভুক্তভোগী প্রবাসীর নাম মোরশেদ আলম রিয়াদ। এ ঘটনায় সুমন ও অপুর নেতৃত্বে গঠিত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাইজদী এলাকায় খরিদা জমিতে ঘর ও স্থাপনা নির্মাণ করতে গেলে সন্ত্রাসীরা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী সুমন ও অপুর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা মোরশেদ আলম রিয়াদকে দফায় দফায় পিটিয়ে মারাত্মক আহত করে এবং তাঁর ব্যবহৃত ৪ লাখ টাকার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, শুধু হামলােই ক্ষান্ত হয়নি চক্রটি; প্রবাসীর গ্রামের বাড়ি এবং মাইজদীর হাউজিং এলাকার বাসার সামনেও সশস্ত্র সন্ত্রাসী দল নিয়ে মহড়া দিচ্ছে তারা। এমনকি ভুক্তভোগী প্রবাসী ও তাঁর পরিবারকে চাপে রাখতে একটি রাজনীতিমূলক মামলায় তাঁকে মিথ্যা আসামি করা হয়েছে।
বর্তমানে প্রবাসী রিয়াদ তাঁর স্ত্রী-সন্তান ও পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ন্যায়বিচার পেতে এবং নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে অসহায় পরিবারটি।