× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগস্টে এপিবিএন-এর সাফল্য: স্বর্ণ-মাদক-অস্ত্র উদ্ধার, আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার শতাধিক

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৪ পিএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চলতি ২০২৬ সালের আগস্ট মাসে সাফল্য অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মাসজুড়ে পরিচালিত এসব অভিযানে প্রায় পৌনে ১০ কোটি টাকার চোরাই স্বর্ণ, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, হারানো মোবাইল ফোন, মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় শত শত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এপিবিএন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের সামগ্রিক অর্জনের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপিবিএন হেডকোয়ার্টার্স এলআইসি শাখার তথ্যপ্রযুক্তির সহায়তায় আগস্ট মাসে মোট ৭৮৪টি হারানো মোবাইল ফোন, ৩টি হ্যাকড ফেসবুক আইডি, ২টি হ্যাকড হোয়াটসঅ্যাপ একাউন্ট, ২টি ই-মেইল এবং ১টি টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৭২ জনকে তাৎক্ষণিক সেবা প্রদানসহ বিকাশ ও নগদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৪ হাজার ৯২৯ গ্রাম স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৩৮৫ টাকা। এ সংক্রান্ত ১৭টি মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, অস্ট্রেলিয়ান ও ইউএস ডলারসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং জাল টাকাসহ অন্যান্য চোরাই পণ্য সামগ্রী জব্দ করা হয়।

একই সময়ে অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি, ৬ হাজার ৬৫২ পিস ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে। এসব অপরাধে ১১টি মামলা রুজুসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।


অপরাধ দমনে আইনি ব্যবস্থার অংশ হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় ৪৮৩টি মামলায় ১৪ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ৪২ লাখ ৪৫ হাজার ৬৭২ টাকা জরিমানা ও ৩৩৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামি মিলিয়ে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে আগস্টে নিখোঁজ ৩ শিশুসহ ১৯ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৩টি যানবাহন আটক এবং ক্যাম্পের জন্য বরাদ্দ করা বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ রেশন সামগ্রী উদ্ধারপূর্বক ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এপিবিএন কর্তৃপক্ষ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের সবকটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা দ্রুততর করতে ভবিষ্যতেও এ ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.