রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় এক ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর দুই দিন পরও তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি রংপুরের মুন্সিপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা ওই ভ্যানচালকের মৃত্যু হয়। এর আগে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাতা এলাকায় রংপুর-বদরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিচয় শনাক্ত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ, সিআইডির ক্রাইম সিন টিম ও সিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে চেষ্টা চালান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার কুন্ডু বলেন, বৃহস্পতিবার সকালে নিহত ভ্যানচালকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রংপুরের মুন্সিপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, পাকারমাথা নামক সড়কে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক গুরুতর আহত হন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রংপুরের একটি সরকারি কবরস্থানে দাফন করা হয়।