রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রচারিত প্রতিবেদনে আনসার সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি’র এক শিক্ষার্থীর সঙ্গে প্রকৃতপক্ষে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই সময় আরএনবি সদস্যদের রাত্রিকালীন পোশাকের সঙ্গে আনসার বাহিনীর পোশাকের সাদৃশ্য থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভুলবশত আনসার সদস্যদের বিরুদ্ধে স্লোগান দেন।
পরবর্তীতে প্রকৃত বিষয় উন্মোচিত হয় এবং জানা যায় যে, জড়িত ব্যক্তিরা আরএনবি’র সদস্য। ঘটনাটি তদন্তের পর রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবি-এর চার সদস্যকে ইতোমধ্যে সাময়িক বরখাস্তও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার সাথে কোনো আনসার সদস্য দূরতমভাবেও জড়িত ছিলেন না। প্রকৃত তথ্য যাচাই না করে আনসার বাহিনীকে জড়িয়ে সংবাদ পরিবেশন একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সংবাদ মাধ্যমসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে এবং ইতোমধ্যে প্রকাশিত সংবাদের প্রয়োজনীয় সংশোধনী প্রচারের অনুরোধ জানিয়েছে।