জয়পুরহাটের কালাই উপজেলা থেকে অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ১৯ বস্তা ডিএপি সার জব্দ করেছেন স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের মাধ্যমে ওই সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভ্যানচালক সূত্রে জানা যায়, কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমানের দোকান থেকে দুটি ভ্যানে করে ডিএপি সারগুলো আক্কেলপুরের জামালঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে মনঝাড় বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ভ্যান দুটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৯ বস্তা ডিএপি সার উদ্ধার করেন।
খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত হন। জব্দ তালিকায় নয়ন নামের এক ভ্যানচালকের নাম উল্লেখ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, জব্দ করা ১৯ বস্তা সারের মোট মূল্য ১৯ হাজার ৯৫০ টাকা। স্থানীয়দের অভিযোগ, একই সময়ে ওই সড়ক দিয়ে আরও কয়েকটি সারবোঝাই ভ্যান চলে গেলেও সেগুলোকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা সারগুলো উপস্থিত স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রির প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রউফ।
তিনি বলেন, স্থানীয় লোকজন দুটি ভ্যানভর্তি সার আটক করে আমাদের বিষয়টি জানান। পরবর্তীতে কৃষি বিভাগের সহায়তায় সারগুলো উদ্ধার করা হয়। এলাকায় সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর শহিদ কালুসহ কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে এ বিষয়ে অভিযুক্ত সার ব্যবসায়ী মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।