× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিগঞ্জে কৃষকদলের মিছিলে হামলার অভিযোগ, আহত ৪০

সাতক্ষীরা প্রতিনিধি।

২২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে যোগ দিতে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে কৃষকদলের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা কৃষকদল। হামলার ঘটনায় জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামানের ছেলে নাজমুলের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল। উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টা থেকে দক্ষিণশ্রীপুর, কুশুলিয়া, চাম্পাফুল ও বিষ্ণুপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বাস, ইজিবাইক ও পিকআপযোগে নেতাকর্মীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের দিকে আসছিলেন। তাদের গাড়িবহর ফুলতলা মোড়ে পৌঁছালে অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

উপজেলা কৃষকদলের দাবি, হামলায় হোগলা ওয়ার্ড কৃষকদলের সভাপতি রিজাউদ্দীন ও সাবেক সদস্য আবুল কালাম সবুজসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে কারও হাত ভেঙে যাওয়ারও দাবি করা হয়েছে। আহতদের মধ্যে ছাত্রদল নেতা শামিম হোসেন মুন্না, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব শুব্রত কুমার খাঁ এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্যসচিব আরিফুল হোসেন ছোটনের নামও উল্লেখ করা হয়েছে। আহতদের উদ্ধার করে নারায়ণপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান বলেন, নাশকতার প্রতিবাদে কৃষকদলের কর্মসূচি ঘোষণা করার পর জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি স্থগিতের আহ্বান জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে কালিগঞ্জ থানার ওসি শেখ শাহিনুর রহমান মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানে পৃথক দুটি স্থানে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ চত্বরে কৃষকদলের কর্মসূচি আয়োজন করা হয়।

রোকনুজ্জামানের অভিযোগ, বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ফুলতলা মোড়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।


এদিকে হামলার ঘটনায় কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াসিন আলী অভিযোগ করে বলেন, শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান ও নাজমুল সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপি নেতা কাজী আলাউদ্দীনের অনুসারী। বিভিন্ন নির্বাচনী কর্মসূচি ও দলীয় অনুষ্ঠানে তাদের কাজী আলাউদ্দীনের সঙ্গে দেখা গেছে বলেও তিনি দাবি করেন।

ইয়াসিন আলী আরও অভিযোগ করেন, কাজী আলাউদ্দীন একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দেন। বর্তমানে তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে বিএনপির কর্মসূচিতে সম্পৃক্ত করার অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।

তার অভিযোগ, কাজী আলাউদ্দীন বিএনপিতে যোগদানের পর থেকে সাতক্ষীরা, কালিগঞ্জ ও আশাশুনির অপেক্ষাকৃত অবহেলিত নেতাকর্মীদের ওপর তার অনুসারীদের মাধ্যমে এ ধরনের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে।

এ ঘটনায় কালিগঞ্জ উপজেলা কৃষকদলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান বা নাজমুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ফলে হামলার অভিযোগ, আহতের সংখ্যা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় লিখিত অভিযোগ ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.