প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) প্রথমবার ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। তাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পরশুরাম ও ফুলগাজী। সফর ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও তুঙ্গে। বাঁধ নির্মাণ ও মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বেশ কিছু দাবি তুলে ধরতে চান তারা।
স্থানীয়রা জানান, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি ফেনীতে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রয়েছে। তাদের দাবি, বাঁধ স্থায়ীভাবে মেরামতে বরাদ্দ করা দেড় হাজার কোটি টাকা যেন সেনাবাহিনীর মাধ্যমে কাজে লাগানো হয়।
সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হয়েছেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর বেলা ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বেলা ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
দিনের পরবর্তী কর্মসূচিতে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।