ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর বনানী কাঁচা বাজারে “ক্যাশলেস বাংলাদেশ” প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। ডাক-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি প্রথম পেমেন্ট গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংক-এর উদ্যোগে এবং ডাক-বাংলা ব্যাংক-এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাননীয় মন্ত্রী বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে “ক্যাশলেস বাংলাদেশ” গড়ার সরকারের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। তিনি আরও বলেন, মানুষকে আর সঙ্গে করে নগদ টাকা বহন করতে হবে না। এর ফলে পেমেন্টের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
সরকারের “ক্যাশলেস বাংলাদেশ” গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডাক-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ডাক-বাংলা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে ভোক্তাভিত্তিক বাজারগুলিতে লেনদেন করা যায়। ডাক-বাংলা ব্যাংক বিভিন্ন পেমেন্টের মাধ্যমে গ্রাহকদের আরও বাড়াতে এবং বাংলাদেশে আরও সহজ, দ্রুত ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।