সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা ও কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই সীমান্ত পিলারের ৩ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
দুই অভিযানে সর্বমোট ৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব মালামাল জব্দ করা হয়েছে। ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।