নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৭ম ‘আই. টি. ডেভেলপমেন্ট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০:৩০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জমিদারহাট আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের ন্যায় এবারও এই মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। এবারের পরীক্ষায় স্থানীয় ৩৭টি বিদ্যালয়ের মোট ১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন জমিদারহাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রহমত উল্যাহ সুজন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মেধা বিকাশের এই আয়োজনে প্রতি শ্রেণি থেকে ১৫ জন করে মোট ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হবে।
আই. টি. ডেভেলপমেন্ট মেধাবৃত্তি কমিটির সভাপতি কাউছারা বেগম এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মানিক জানান, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় প্রতিযোগিতা সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তি জ্ঞানে আগ্রহী করে তুলতেই বিগত সাত বছর ধরে তারা ধারাবাহিকভাবে এই বৃত্তির আয়োজন করে আসছেন। আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এলাকার অভিবাবক ও স্থানীয় সুধীজনরা আই. টি. ডেভেলপমেন্টের এমন শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।