নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবাসহ আব্দুর রহমান রুবেল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত ১ টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের বসতঘরে তল্লাশি চালানো হয়। পরে আটককৃত আসামি আব্দুর রহমান রুবেলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ঐ এলাকারই স্থায়ী বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।