শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলেছেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, বরং নিজেদের চিন্তা ও মেধাকে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে কাজে লাগানোর সুযোগ পায়।
বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু জানার আগ্রহ, গবেষণার মনোভাব এবং প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা তৈরি করে। একটি ছোট্ট ধারণা থেকেই ভবিষ্যতে বড় কোনো আবিষ্কারের সূচনা হতে পারে। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে বিজ্ঞান মেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেন ও দশম শ্রেণির শিক্ষার্থী মো. আজিজুল হক, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন সরকার ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।