গাজীপুরের শ্রীপুরে আনসার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কারখানার ভেতরে ইয়াবা পাচারের একটি অভিনব চেষ্টা ব্যর্থ হয়েছে। ৫ অক্টোবর, সোমবার সন্ধ্যায় উপজেলার 'নিউ হোপ ফিড লিমিটেড' কারখানায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক ট্রাক হেলপারকে ৪ পিস ইয়াবাসহ আটক করেন সংস্থায় নিয়োজিত আনসার সদস্যরা।
গতকাল ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারখানার প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মো. কবির হোসেন। হঠাৎ বাইরের রাস্তা থেকে এক অজ্ঞাত ব্যক্তি একটি প্যাকেট মোড়ানো বস্তু কারখানার ভেতরে ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়। সেখানে অবস্থানরত একটি মালবাহী ট্রাকের হেলপার আশরাফুল (২৫) তাৎক্ষণিকভাবে প্যাকেটটি কুড়িয়ে নিজের কাছে লুকিয়ে ফেলেন।
বিষয়টি ডিউটি পোস্টে থাকা আনসার কবির হোসেন ও পিসি মো. রমজান আলীর নজরে এলে তারা সন্দেহজনক আচরণের কারণে দ্রুত হেলপার আশরাফুলের কাছে যান এবং দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে অভিনব উপায়ে আনা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই আটক আশরাফুলকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কারখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। কারখানার অভ্যন্তরে মাদক ঢোকানোর এই অপচেষ্টা নসাৎ করায় এবং দায়িত্ব পালনে এমন তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেওয়ায় আনসার সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃপক্ষ।