চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লামিয়া আক্তার (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
নিহত লামিয়া উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়া গত চার দিন ধরে জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লামিয়ার নিকটাত্মীয় মো. জিসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই শিশু বলে জানা গেছে। লামিয়ার মৃত্যুর মধ্য দিয়ে উপজেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।