× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

১১ অক্টোবর ২০২৬, ১৪:৪০ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ শুরুর এক ঘণ্টার মধ্যে কর্মসূচি প্রত্যাহার করেছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। তবে দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে আগামী রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টার দিকে তা প্রত্যাহার করা হয়। সংগঠন দুটির নেতারা জানিয়েছেন, সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার পাঠানো বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নিরীহ মানুষের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি ও বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। পর্যটক, সাধারণ মানুষ এবং যানবাহনের মালিক-শ্রমিকদের ওই সড়কে চলাচল না করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।

এদিকে অবরোধের কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে জেএসএস ও ইউপিডিএফ। জেএসএসের দাবি, ইউপিডিএফের চাপে পড়ে সংগঠন দুটি অবরোধের ঘোষণা দিয়েছে। তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সংগঠন দুটিকে কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। সাধারণ মানুষের পক্ষে নেওয়া এ কর্মসূচির প্রতি ইউপিডিএফের সমর্থন রয়েছে।

জেএসএসের রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা বলেন, সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়। ইউপিডিএফ সাধারণ মানুষকে মাঠে নামিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, শুক্রবার রাতেও সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছিলেন। শনিবার পর্যটকদের একটি অংশ সাজেক ছেড়ে গেছেন। তবে রাতেও সেখানে প্রায় দুই হাজার পর্যটক অবস্থান করতে পারেন বলে জানিয়েছেন সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, শনিবার সড়ক অবরোধের কর্মসূচির কথা শুনেছিলেন। পরে তা প্রত্যাহার এবং রোববার থেকে নতুন করে অবরোধের ঘোষণার বিষয়টিও জেনেছেন। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাজেকের মাচালং উজো বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে প্রথমে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.