চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শেখেরহাট দিশারী সংঘ আয়োজিত দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা–২০২৬।
শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ বছর পরীক্ষায় মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে পাঁচজন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
‘মেধার স্বীকৃতি, সম্ভাবনার অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরহাট দিশারী সংঘের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাজমুল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী সংঘের উপদেষ্টা ও সাবেক অধ্যাপক আবুল মনসুর ভূঁইয়া, শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন রুবেল, লালানগর দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলাউদ্দিন মাসুম এবং শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্র সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা, গণিত, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শিক্ষক, কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি মানবিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষাবৃত্তির মতো আয়োজন শিক্ষার্থীদের অধ্যবসায়ী হতে, সুস্থ প্রতিযোগিতায় অংশ নিতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে।
শেখেরহাট দিশারী সংঘের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, মানবসেবা, ক্রীড়া, রক্তদান, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি কাজ করে আসছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা এবং এলাকার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের প্রত্যাশা, দিশারী শিক্ষাবৃত্তি কেবল মেধা যাচাইয়ের পরীক্ষায় সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের স্বপ্নপূরণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার পথে অনুপ্রেরণার মাধ্যম হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
