চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে চারটি অবৈধ মাছ ধরার নৌকা আটক করা হয়েছে। এ সময় প্রায় ৭ টন ইলিশ মাছ এবং ১ লাখ মিটার কারেন্ট ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়। অভিযানে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ অক্টোবর দুপুর ১২টা থেকে ১২ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ঘাট থেকে সলিমপুর ঘাট পর্যন্ত গভীর সাগরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখার সদস্যরা অংশ নেন।
অভিযানে জব্দ করা ৭ টন ইলিশ মাছের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা প্রায় এক লাখ মিটার কারেন্ট ও ইলিশ ধরার জালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
জব্দ করা অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন এতিমখানা, অনাথ আশ্রম এবং দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে উপস্থিত সবার সামনে বিতরণ করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ বলেন, “অবৈধ মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ শিকার বন্ধ এবং ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।