× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দপুরে প্রধানমন্ত্রী বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীদের

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

২০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে রংপুরের সড়কের দুই পাশে জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাঁরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসে করে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় বাস থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে বাসে করে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যান তিনি। সেখানে পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসূচি অনুযায়ী, রাজশাহীতে পৌঁছে হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে ধর্মসভা মন্দির পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

রাজশাহী সফর শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.