নরসিংদী সদর উপজেলার কিসমত বানিয়াদী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে মীর বাড়ি ও মৌলভী বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বেলা আনুমানিক ৩টা ১৫ মিনিটে কিসমত বানিয়াদী এলাকার মীর বাড়ি ও মৌলভী বাড়ির মধ্যে জমি দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শহিদুল্লাহ (৬৫), পিতা মৃত মালেক মৌলভীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া খাদিজা (৩০), হরমোজ আলী (৭০), মারিয়া (১২), আবু বাকির হোসেন (৬০) ও তালহাসহ আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সোয়াইদ মীর (৪০), হাসান মীর, হীরন মীর (৫৮), মো. অলিউল্লাহ ও শাহীন (৩৮) নামে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের সবার বাড়ি নরসিংদী সদর উপজেলার কিসমত বানিয়াদী এলাকায়।
এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।