ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্গত ভাতশালা গ্রামে পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে তাওহিদ ভূঁইয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভাতশালা গ্রামের রাকিব ভূঁইয়ার ছোট পুত্র তাওহিদ ভূঁইয়া (৪) শনিবার দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে সবার অজান্তে বের হয়ে হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী মসজিদের ঘাটলার সিঁড়িতে খেলা করাকালে আকস্মিকভাবে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। আনুমানিক ২০/২৫ মিনিট পরে গ্রামের কয়েকজন তরুণ পানিতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে পুকুরের গভীর নিচু অংশ থেকে উপরে তুলে নিয়ে বাড়িতে পৌঁছায়। পরে উপস্থিত সকলের পরামর্শে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক চেকআপ করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় জানাযার পর ভাতশালা কবরস্থানে শিশু তাওহিদ ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়।