ছবি: সংবাদ সারাবেলা।
সড়ক উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। একই সঙ্গে উন্নয়নকাজের মান নিশ্চিত করতে স্থানীয় জনগণকে কাজের তদারকি করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় জনগণের অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পর্যায়ক্রমে মানিকগঞ্জ জেলার সব সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ সময় ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, “দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। এখন আর আন্দোলন-সংগ্রামের সময় নয়, এখন সময় সবাই মিলে দেশ গড়ার।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলায় মোট ৪ হাজার ১৮০ মিটার দীর্ঘ তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজে ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা। এলজিইডির তত্ত্বাবধানে এসব কাজ বাস্তবায়ন করা হবে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত এক হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ। এ কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স একরাম কনস্ট্রাকশন। প্রকল্পটির চুক্তিমূল্য ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা ৮৫ পয়সা।
এ ছাড়া তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সড়কগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জনদুর্ভোগ কমবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
