বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের পৌর বাজার এলাকায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন চৌধুরী। সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলার সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, নীলফামারী পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ ও সদস্য সচিব আবু সাঈদ বাবু এবং ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ অন্য নেতারা।
বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।