গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে ১৪ মাস বয়সী শিশু আদিবা খাতুনকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া শিশু আদিবা খাতুন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ী গ্রামের মো. আজাহার ও খালেদা বেগমের মেয়ে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাত মাস আগে আদিবার মা-বাবার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে আদিবা তার মায়ের কাছে থাকত। কিছুদিন আগে তার মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরিতে যোগ দেওয়ায় শিশুটিকে নিজের ছোট বোন খাদিজার কাছে রেখে যান।
পুলিশ জানায়, খালার বাড়িতে থাকা অবস্থায় আদিবার বাবা একাধিকবার তাকে দেখতে যান এবং মাঝেমধ্যে নিজের বাড়িতে নিয়ে আসেন।
কিন্তু গত ১ অক্টোবর তিনি আদিবাকে নিয়ে যাওয়ার পর সাদুল্লাপুর উপজেলার পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি আদিবার মা ও তার পরিবারের সদস্যরা জানতে পেরে সাদুল্লাপুর থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাত ৩টা ১০ মিনিটের দিকে রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে রাতেই সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।