× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়ের প্রত্যাশা দেলাওয়ার হোসেনের

মো. ওয়াদুদ হোসেন, ঠাকুরগাঁও

২৯ অক্টোবর ২০২৬, ১৪:৩০ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পরে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব। তবে মাগুরা মার্কা নির্বাচন হলে জনগণ ফলাফল মেনে নেব না।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে বলে আশা করছেন তিনি।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং হিজড়া ভোটার চারজন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা শুরু হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল সংগ্রহ ও পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.