চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলির শব্দের পর সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৬৩/১-এস এর নিকট শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সন্নিকটে গুলির শব্দ শোনা যায়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলির শব্দ শোনার পর মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা ফায়ার করে।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের অধীনস্থ টুংগী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাল্টা ফায়ার করে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে। দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত অতিক্রমসহ যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সীমান্তবর্তী জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।