জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।
এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা এম ই সরোয়ার লিমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, চরপাকেরদহ ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।