কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টসপ্রতিযোগিতায় ফুটবল খেলতে গিয়ে জিসান আহমেদ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের মধ্যকার ফুটবল খেলা চলাকালে হঠাৎ লুটিয়ে পড়ে ওই শিক্ষার্থী। তাৎক্ষণিক জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় সচিবের মোবাইল ফোনের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জিসানের অভিভাবকের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। এ ঘটনায় জিসানের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। জিসান আহমেদ (১৪) হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর দড়িকান্দি গ্রামের সৌদি প্রবাসী জালাল হোসেনের একমাত্র সন্তান। তার স্থায়ী বাড়ি জয়পুর ইউনিয়নে হলেও পরিবারের সঙ্গে সে হোমনা পৌর এলাকায় বসবাস করত। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে রাত সাড়ে সাতটায় হোমনা উপজেলা পরিষদ মাঠে জিসানের প্রথম প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত শোক ও সমবেদনা প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিবারের পক্ষ থেকে জিসানের চাচা সাইদুল ইসলাম। জিসানের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সুপারিশে ও জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জিসানের বাবা সৌদি আরব থেকে দেশে পৌঁছানোর পর দড়িকান্দি গ্রামের মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে জানা গেছে।