ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ভুক্তভোগীদের সাথে ভয়ানক জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলী মিলে ভুক্তভোগী পাঁচজনকে ভূয়া নিয়োগপত্র ধরিয়ে দিয়ে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ঘটনায় সঠিক বিচার চেয়ে ওই পাঁচজন ভুক্তভোগী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, ২০০০ সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জীবনপুর গ্রামে যাত্রা শুরু করে ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়টি। পরবর্তীতে সরকার এই বিদ্যালয়টিকে এমপিও ভুক্ত করে। এদিকে ২০০৫ সালে বিদ্যালয়টি চাকরির জন্য স্থানীয় বাসিন্দা আলতাফুর রহমান ও আতাউর রহমান কম্পিউটার পদে, সুবাস চন্দ্র রায় ও তোহিদুল ইসলাম ফুড প্রসেসিং পদে এবং ল্যাব সহকারী পদে নুর জাহান আবেদন করেন। দীর্ঘদিন চাকরি করার পর ভুক্তভোগীরা জানতে পারেন- তাদের সাথে প্রতারণা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নাসরিন আক্তার বলেন, ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়টি সরকারি এমপিও ভুক্ত হলেও এখানে ঠিকমত পাঠদান করানো হয়না। খাতা-কলমে উপস্থিতি বেশি দেখালেও বাস্তব চিত্র তার উল্টো, ১০-১২ জন শিক্ষকের স্থলে শিক্ষার্থী থাকে ২-৩ জন। এটা দুঃখজনক।
এদিকে ভুক্তভোগীরা জানান, ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলী ভুক্তভোগী পাঁচজনকে ভূয়া নিয়োগপত্র ও যোগদানপত্র হাতে ধরিয়ে দিয়ে কৌশলে তাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগী আলতাফুর রহমান বলেন, কম্পিউটার পদে চাকরির জন্য ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলী আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকা আমি জোগাড় করেছি- বউয়ের স্বর্ণ, চাষাবাদের জমি বিক্রি করে। কষ্ট করে টাকা দিলাম, কিন্তু তারা চাকরির নামে আমার সাথে জালিয়াতি ও প্রতারণা করলো।
আরেকজন ভুক্তভোগী নুরজাহান বলেন, বাড়ির গরু, জমি বিক্রি করে চাকরির জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছি। আমাদের হাতে নিয়োগপত্র ও যোগদান পত্রও দিয়েছিল। কিন্তু চাকরিতে যোগাদের ৫ বছর পর জানতে পারি নিয়োগপত্র ও যোগদানপত্র ভূয়া। কেন তারা আমাদের সাথে এই ধরনের প্রতারণা করলো। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলী কাছে জানতে চাইলে তারা আমাকে হুমকি দেয়।
ফুড প্রসেসিং পদের চাকরির জন্য ৬ লক্ষ টাকা দিয়েছিলেন সুবাস চন্দ্র রায়। তিনি বলেন, যোগাদানের পর থেকে আমার নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলাম। কয়েক বছরেও যখন বেতন-ভাতা পাচ্ছিলাম না, তখন শিক্ষাবোর্ডে গিয়ে খোঁজ নেই কি কারণে আমাদের বেতন দেওয়া হচ্ছে না, শিক্ষাবোর্ড থেকে জানানো হয়- আমাদের দেওয়া নিয়োগপত্র ও যোগদানপত্র ভূয়া। আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।
নিয়োগপত্র ও যোগদানপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম বলেন, নিয়ম অনুযায়ী তাদের চাকরি হয়েছিল, তাদের প্রত্যেককে নিয়োগপত্র ও যোগদানপত্রও দেয়া হয়। তারা চাকরিতে যোগদানও করে। তাদের কাছে কোন ধরনের অর্থ নেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে কি কারণে তাদের বেতন-ভাতা হয়নি এটা আমিও জানিনা।
বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির প্রশ্ন করলে বিষয়টি নিয়ে উত্তর দিতে রাজি নন ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, ডাঙ্গীপাড়া কারিগরি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আনছারা বেগম ও তার স্বামী হাসান আলী চাকরি দেওয়ার নাম করে পাঁচজন ব্যক্তির সাথে প্রতারণা করেছে, এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, তদন্তে সত্যতা পাওয়া গেছে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
