২০২৩ সালে আওয়ামীলীগ সরকারের শাসনামলে শুরু হয় সরকারি অর্থায়নে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মেগা প্রকল্প দৃষ্টিনন্দন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ। প্রায় আড়াই বছর পর নির্মাণ কাজ সম্পন্ন হয় চলতি বছরের জুনে। এর পর মসজিদটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পরের মাসের ৭ জুলাই। উদ্বোধনের দিন থেকেই শুরু হয় জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত সহ ইসলামীক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের আনুষ্ঠানিকতাও। ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইসলামীক সাংস্কৃতিক অনন্য এই স্থাপনাটি উদ্বোধনের পর থেকে স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি পুরো জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তবে সম্প্রতি মেগা প্রকল্প উদ্বোধনের চারমাসের মাথায় মসজিদটির বাহিরের অংশের বেশ কিছু স্থানে বিশাল ফাটল দেখা দেয়। ফাটলের দৃশ্য নিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝর বইতে শুরু হয়।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল মনে করেন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজের সঠিক মান বজায় রেখে কাজ করেনি। নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এতে ব্যাপক অনিয়ম হওয়ার ফলেই দ্রুত সময়ের মধ্যে ফাটল ধরা পড়ে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদের দক্ষিণ দিকে দেয়ালের নিচের মাটি সরে যাওয়ার কারণে দেয়াল ফেটে গেছে। টাইলস এর নিচের অংশের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া মসজিদের অভ্যান্তরের প্রতিটি কক্ষের দেয়ালেও কিছু না কিছু ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় আগামী ৩ থেকে ৪ বছর পর মসজিদের কাঠামো কততটা ঠিক থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইয়াহিয়া আহমেদ চৌধুরী মনে করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অধিনে যারা নির্মাণ কাজ করেছেন তারা হয়তো আন্তরিকতার সাথে কাজ করেনি। না হলে এতো অল্প সময়ের ব্যবধানে দেয়ালে দেয়ালে ফাটল হবার কোন কারণ নেই। এ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও বলেন, বিষয়টা নিয়ে তারা আতঙ্কিত। কারণ ভবিষ্যতে মসজিদে কাঠামোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা এই মুহূর্তে ধারণা করা যাচ্ছে না। একবছর পর তো ঠিকাধারী প্রতিষ্ঠানের মেরামত করার কথা। আমাদের তো এ ব্যাপারে তেমন কোন বাজেট বরাদ্দ নেই। এতো বড় বাজেটে মেরামত করার সক্ষমতাও আমাদের নেই।
মসজিদ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এর সহকারী প্রকৌশলী জালাল উদ্দীন নির্মাণ কাজের শুরু থেকে কাজ সম্পন্ন শেষে একেবারে উদ্বোধন পর্যন্ত পুরো কাজ তাঁর তদারকিতেই চলে। তাঁর দাবি নির্মাণ কাজে কোন গাফিলতি ছিল না। পুরো কাজ গণপূর্ত অধিদফতরের তত্বাবধানেই সম্পন্ন হয়েছে। এখন যে ফাটল ধরা পড়ছে এ নিয়ে আমাদের কোন দায় নেই। তিনি বলেন, এ বিষয়ে গণপূর্ত অধিদফতর বলতে পারবে এবং তারাই বিষয়টি দেখবেন।
স্থানীয় মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইমরান আহমেদ বলেন মসজিদের নির্মাণ কাজ চলাকালে অনেক অনিয়ম হয়েছে। আমরা এলাকাবাসী চলমান কাজের স্বার্থে মেনে নিয়েছি। আমি মনে করি এখানে কাজের গুণগত মান নিয়ে অনেক অনিয়ম হয়েছে। না হলে চারমাস যেতে না যেতেই এতো বড় ফাটল কীভাবে সম্ভব ।
ইসলামীক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, মসজিদের নির্মাণ কাজ যখন হয় তখন আমি এখানে যোগদান করিনি, তাই কাজ কীভাবে হয়েছে তা আমার জানা নেই। তবে টিকাদারি প্রকিষ্ঠান ত্রুটিপূর্ণ স্থানে ইতিমধ্যে সংস্কার কাজ শুরু করে দিয়েছে।
গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার বলেন, সবেমাত্র যোগদান করেছি, মসজিদে ফাটল ধরা পড়ার বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি। এ নিয়ে শঙ্কার কোন কারণ নেই। আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার করা হবে।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল এর সাথে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
এর আগে চলতি বছরের ৭ জুলাই জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এম নাসের রহমান বলেছিলেন জেলা মডেল মসজিদ যেভাবে চালু হয়েছে আমরা সেভাবে দেখতে চাই। এটার মেন্টেনেস এর জন্য যেন কোন গাফিলতি না করা হয়।
এদিকে মসজিদে ফাটল ধরা পড়ার বিষয়টি স্থানীয়দের নজরে পড়ার পর থেকেই অনেকেই মসজিদের অবকাঠামোর নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। স্থানীয় জগন্নাথপুর এলাকার বাসিন্দা জসিম মিয়া ও পারভেজ আহমেদ বলেন মসজিদের নির্মাণ কাজে অনিয়ম হয়েছে, না হলে এভাবে অল্প সময়ের ব্যবধানে ফাটল ধরা পড়বে কেন।
উল্লেখ্য, মৌলভীবাজারের শহরের উপকন্ঠে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জগন্নাথপুর এলাকায় ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন প্রকল্পের অধিনে সরকারের নিজস্ব অর্থায়নে চার তলাবিশিষ্ট আইকনিক জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ। ৪৫ শতাংশ জমির উপর ১১০ ফুট প্রশস্ত ও ১৭০ ফুট দৈর্ঘ্য‘র মসজিদটি ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স লিমিটেড নির্মাণ কাজ শুরু করে। এতে প্রকল্প ব্যয় ধরা হয় ১৭৪৩. ৬৮ লক্ষ টাকা। এ পর্যন্ত জেলা মডেল মসজিদ নির্মাণে ডিপিপি মূল্য ধরা হয়েছে ১৮ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে ব্যায় হয়েছে ১৪ কোটি ৬৬ লাখ টাকা। যার চুক্তিমুল্য ধরা হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ টাকা। মসজিদটির প্রকল্পের মেয়াদ ২০২৩-২৪ অর্থ বছরে সম্পন্নের কথা থাকলেও দেরিতে কাজ শুরু করায় কয়েকদফা সময় বাড়িয়ে অবশেষে চলতি বছর ২০২৬ সালের জুনে কাজ সম্পন্ন হয়।
মসজিদটির একদিকে বিশাল হাওর আর অন্যদিকে উঁচু-নিচু পাহাড়ি টিলা আর সবুজ বন। বর্ষায় হাওরের থৈ থৈ পানিতে গোটা এলাকার প্রকৃতিতে নতুন এক আবহ তৈরি হয়। শৈল্পিক কারুকাজ আর দৃষ্টিনন্দন ডিজাইনের অপার সৌন্দর্য সমৃদ্ধ অনন্য এই স্থাপনাটি উদ্বোধন হওয়ার পর থেকে পাল্টে গেছে পুরো এলাকার দৃশ্য।
মেগা প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় বদলে গেছে পুরো এলাকার সামাজিক ও সাংস্কৃতিক চিত্র। এতো দিন ভাড়ায় থাকা ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ও পরিচালিত হচ্ছে জেলা মডেল মসজিদে। জেলা জুড়ে ইফার সব কার্যক্রমও পরিচালিত হচ্ছে এখান থেকে। মসজিদ ভিত্তিক গণশিক্ষা ও ইমাম প্রশিক্ষণ থেকে শুরু করে সব কার্যক্রমেও এসেছে গতিশীলতা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
