বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হলেও রাত পর্যন্ত তিনি বাসায় ফেরেননি। বুধবার (১৮ নভেম্বর) সকালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস। তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বিচারক শেখ ফারহানা নাদীম বাসার উদ্দেশে রওনা হন। তবে রাত পর্যন্ত বাসায় না ফেরায় আদালতের নাজিরসহ অন্য কর্মকর্তারা তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, আজ সকাল পর্যন্ত তিনি বাসা কিংবা আদালতে পৌঁছাননি। বিষয়টি জানার পর আদালতের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।