দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে সাতকানিয়া উপজেলা পরিষদের পূর্ব পাশের উপজেলা মসজিদগামী সড়কের পাশের ময়লা-আবর্জনা। সরিয়ে নেওয়া হয়েছে শুমারি প্রশিক্ষণ কর্মসূচির খাবারের প্যাকেটের উচ্ছিষ্ট। এতে ফিরে এসেছে আগের অপরিচ্ছন্ন পরিবেশের পরিবর্তে পরিচ্ছন্নতা।
এর আগে উপজেলা পরিষদের সামনেই খাবারের প্যাকেটের উচ্ছিষ্টসহ বিভিন্ন বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকার বিষয়টি নিয়ে দৈনিক সংবাদ সারাবেলার অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন অপরিচ্ছন্ন পরিবেশ এবং ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্যে এ চিত্র নিয়ে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জায়গাটি সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হয়েছে। বর্তমানে স্থানটি একেবারেই পুরোপুরি পরিষ্কার রয়েছে।
সংবাদ প্রকাশের পর দ্রুত ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। তবে শুধু তাৎক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, ভবিষ্যতেও উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।