নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠিকাদারেরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় হামলার ঘটনায় অভিযুক্ত ঠিকাদার মিঠু শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, হাসান ইমাম লিটনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মো. মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের অধীনে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন। নির্মাণকাজ এখনো চলমান থাকলেও কাজ শেষ না করেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে সম্পূর্ণ বিল দাবি করেন। বিল দিতে অস্বীকৃতি জানালে তিনি নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের ওপর হামলা করেন।
হামলায় নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সরকারি দপ্তরে একজন দায়িত্বশীল কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা অবিলম্বে অভিযুক্ত ঠিকাদারকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম বলেন, বুধবার সকালে ঠিকাদার মিঠু শেখ তাঁর কার্যালয়ে এসে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই চূড়ান্ত বিল দেওয়ার জন্য চাপ দেন। এ সময় সরকারি বিধিবিধানের কথা উল্লেখ করে তাঁকে জানানো হয়, কাজ সম্পন্ন না হলে বিল দেওয়ার নিয়ম নেই।
হাজেরুল ইসলামের অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে মিঠু শেখ বলেন, ‘আপনার নিয়ম আপনার কাছে রাখেন, আমাকে এখনই টাকা দিতে হবে।’ এরপরই হত্যার উদ্দেশ্যে তাঁর বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন তিনি।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাঁকে হামলাকারীর হাত থেকে রক্ষা করেন। এ ঘটনায় তিনি নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।