বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বরিশাল- পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়া বাস দুটি হলো আবির আব্দুল্লাহ পরিবহন ও গ্রিন ভিউ পরিবহন।
জানা গেছে, গ্রিন ভিউ বাসটি বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্য এবং আবির আব্দুল্লাহ পরিবহন নামে বাসটি বরিশাল রুপাতলি থেকে ছেড়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এসময় দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।