× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোংলা ইপিজেডে ৮.০৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি কোম্পানি ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং

১৯ নভেম্বর ২০২৬, ১৫:৫০ পিএম

বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড মোংলা ইপিজেডে ৮.০৭ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্ট এক্সেসরিজ তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আজ (১৯ নভেম্বর, ২০২৬) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ১৯.৫০ মিলিয়ন কেজি গার্মেন্ট এক্সেসরিজ উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে পলি ব্যাগ ও শিট, গাম টেপ, স্কচ টেপ, প্যাকিং টেপ, মাস্কিং টেপ, মাস্টার ও ইনার কার্টন (প্রিন্টেড ও নন-প্রিন্টেড), হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল পেপার, হেডার কার্ড, বারকোড/ বারকোড স্টিকার, নম্বরিং লেবেল, আরএফআইডি লেবেল, রাইডার, অ্যাডহেসিভ টেপ এবং সেলফ-অ্যাডহেসিভ স্টিকারস। প্রতিষ্ঠানটিতে ৪৪৮ জন বাংলাদেশি নাগরিকসহ ৪৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার পক্ষে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির পক্ষে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তাজউদ্দিন আহমেদ সজীব, চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনেয়োগের জন্য মোংলা ইপিজেডকে বেছে নেওয়ায় ধন্যবাদ জানান এবং কারখানা স্থাপন ও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানটিকে বেপজার নতুন জোন যশোর ও পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অক্টোবর, ২০২৬ পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ৬টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এই ইপিজেড থেকে এ পর্যন্ত মোট ১,৭০৪.০৪ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে এবং প্রকৃত বিনিয়োগ এসেছে ২৭১.৯৮ মিলিয়ন মার্কিন ডলার, যার মাধ্যমে ১৬,১৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.