× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রেণিকক্ষে চলছিল পাঠদান, হঠাৎ আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীদের ছোটাছুটি

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৯ নভেম্বর ২০২৬, ১৬:১৮ পিএম

রংপুরের মিঠাপুকুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এই আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার পায়রাবন্দে অবস্থিত। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। তখন বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে অভিভাবকেরা চিৎকার শুরু করেন। এ সময় শিক্ষক ও অভিভাবকরা মিলে দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বাইরে বের করে আনেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে (চিলেকোঠার কক্ষ) আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে রাখা বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়াতে পারেনি।

স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।

পায়রাবন্দ এলাকার আরেক অভিভাবক আশরাফুল ইসলাম জানান, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লেগেছে তা কেউ জানেন না, তবে ভেতরের বেঞ্চগুলো পুড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, আগুন লাগার বিষয়টি তাঁরা শুরুতে বুঝতে পারেননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা অভিভাবকেরা ধোঁয়া দেখে বিষয়টি জানালে তারা অবগত হন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।

এদিকে, রংপুরে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভষ্মিভূত হয়েছে বাস তিনটি। বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে একে একে তিনটি বাসে আগুনের ঘটনায় জনমনে আতংঙ্ক তৈরি হয়েছে। তবে বাসগুলোতে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্তরা বলছেন, দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাস স্ট্যান্ডের নিরাপত্তা প্রদানসহ যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.