হেমন্তের সোনাঝরা রোদ, নতুন আমন ধানের ম-ম ঘ্রাণ আর সুফিবাদের আধ্যাত্মিক আবহে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে অবস্থিত হযরত শাহ আব্দুল গফুর চিশতী রহমতুল্লাহি আলাইহির খানকা শরীফ আস্তানায় অনুষ্ঠিত হয়েছে চিশতিয়া তরিকার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। দেশের অন্যতম বৃহৎ এই বর্ণিল নবান্ন আয়োজনে অর্ধ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।
প্রতিবছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার এই মহোৎসব পালিত হয়। বহু প্রজন্ম ধরে চলমান এ ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানটি বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গ্রামীণ মিলনমেলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবের মূল আকর্ষণ হিসেবে একসাথে ৪০টি বিশাল চুলায় রান্না করা হয়েছে নবান্নের ঐতিহ্যবাহী বিশেষ ক্ষীর। কেবল ক্ষীর তৈরিতেই ব্যবহৃত হয়েছে ৭০ মণ নতুন আমন চাল, ১০৫ মণ গুড়, কয়েকশ লিটার খাঁটি দুধ এবং কয়েক হাজার নারিকেল। খানকা শরীফ প্রাঙ্গণ ও আশপাশে বড় বড় ডেচিতে ক্ষীর রান্নার কর্মযজ্ঞে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নবান্ন উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যেখানে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। তবে আয়োজনের মূল আকর্ষণ রাতে। আয়োজকদের দাবি অনুযায়ী, রাত সাড়ে ৯ থেকে সাড়ে ১০ টার দিকে অর্ধ লাখেরও বেশি মানুষের মাঝে ঐতিহ্যবাহী এই ক্ষীর বিতরণ করা হয়।
উৎসবটি উপলক্ষে কালাই, ক্ষেতলাল ও শিবগঞ্জসহ আশপাশের ৮০ থেকে ১০০ গ্রামের মানুষ ছাড়াও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০ থেকে ৬০ হাজার ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর সমাগম ঘটে। চিশতিয়া তরিকার মুরিদ ও স্থানীয় গ্রামবাসীরা প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে মুক্তহস্তে খাদ্যসামগ্রী ও অর্থ দান করেন।
হারঞ্জা গ্রামের বাবু ও হিন্দা গ্রামের রবিউল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা জানান, এবারের উৎসবে ভক্তদের পক্ষ থেকে জমা পড়েছে শত শত মণ নতুন আমন ধানের চাল, ৩০০ থেকে ৪০০ মণ গুড়, ৬০ থেকে ৭০ মণ চিনি, ২০০ থেকে ৩০০ লিটার খাঁটি দুধ এবং বিপুল পরিমাণ নারিকেল। পাশাপাশি দান হিসেবে পাওয়া গেছে কমপক্ষে ১ হাজার মুরগি, ৩০ থেকে ৪০টি খাসি এবং নগদ কয়েক লাখ টাকা।
আস্তানার এক খাদেম জানান, ‘আল্লাহর রহমতে এবং বড় হুজুরের নেক আমলের বরকতে প্রতিবছর পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষকে পেটপুরে তবারক খাওয়ানোর পরও তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে, যা পরবর্তীতে জনকল্যাণমূলক কাজে ব্যয় হয়।’
উৎসবকে ঘিরে বেগুনগ্রাম ও এর আশপাশের প্রায় এক কিলোমিটার রাস্তাসহ ফাঁকা জায়গাজুড়ে বসেছে বিশাল গ্রামীণ মেলা। মেলায় মিঠাই-মণ্ডা, প্রসাধনী ও বাহারি খাবারের দোকান, শিশুদের খেলনা, নাগরদোলা এবং গৃহস্থালির নানাবিধ তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দিনব্যাপী জিকির-আজকার, মিলাদ ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেলা ও উৎসবকে কেন্দ্র করে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব ও মেলায় অর্ধ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। আগত ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
