× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে দোয়া মাহফিল

চন্দনাইশ প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ১৭:২২ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা সদরে এসে শেষ হয়। মিছিল-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।

অপরদিকে, একই দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন উল্লাহ মসজিদে এক মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতেয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য জসিম উদ্দীনের সঞ্চালনায় পৃথক এই কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে। তিনি অভিযোগ করে বলেন, গণমানুষের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগসহ একটি মহল দেশ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হয়। দেশের এই অগ্রগতি ও কল্যাণে ঈর্ষান্বিত হয়ে একটি মহল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাথে আঁতাত করে সমৃদ্ধশালী বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি এসব কুচক্রী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীসহ দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.