জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এর মধ্যে তিন প্লাটুন ভাঙ্গা উপজেলায় এবং বাকি দুই প্লাটুন জেলার অন্যান্য এলাকায় দায়িত্ব পালন করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবি সদস্যরা ফরিদপুরে পৌঁছান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে তাঁরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে।
এর মধ্যে তিন প্লাটুন ভাঙ্গা উপজেলায় এবং বাকি ২ প্লাটুন বিজিবি সদস্য অন্যান্য এলাকায় দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ দিকে আজ শনিবার বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন স্কয়ারে জড়ো হন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনে যান তাঁরা।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, পাঁচ প্লাটুন সদস্যের মধ্যে তিন প্লাটুন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, আদালত, হাসপাতাল, পাসপোর্ট অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তাঁরা।
এ ছাড়া শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও রাজবাড়ী রাস্তার মোড়, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার, জেলা সদরের মুন্সিবাজার চত্বর এবং সদরপুর-চরভদ্রাসন পয়েন্টে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, ‘কোনো নাশকতাকারী বা দুষ্কৃতকারী যেন জ্বালাও-পোড়াও করতে না পারে, সে লক্ষ্যে এবং জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা প্রস্তুত হয়ে কাজ করছেন।’