লালমনিরহাটে পণ্যবোঝাই ট্রাক, গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অপরদিকে, মোটরসাইকেলযোগে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন এমদাদুল হক। এ সময় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও একটি গরু মারা যায়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী এমদাদুল হককে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার তদন্ত কারী কর্মকর্তা (ওসি তদন্ত) রেজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।