নেত্রকোনার মদনে পৌরসভার ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেক (৮৬) মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মদন পৌর এলাকার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার চানগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বারেক চিকিৎসা শেষে একটি ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে পৌরসভার ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলাম ওই অটোরিকশার চালকের কাছে টোলের টাকা দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর অবশিষ্ট টাকা ফেরত না দেওয়ায় আব্দুল বারেক তা চাইতে গেলে আতিকুল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে মদন থানা পুলিশ আতিকুল ইসলামকে আটক করে।
এ বিষয়ে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, “অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
একজন জুলাই যোদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।