ছবি: সংবাদ সারাবেলা।
ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দুজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও ১১৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ও ২৫ নভেম্বর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
খোশালপুর সীমান্তে অবৈধ পারাপারে সহায়তাকারী আটক
গত ২৪ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮০-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠের মধ্য থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী মো. দবির হোসেনকে (২৯) আটক করা হয়। হাবিলদার কে এম সাহিবুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক দবির হোসেন মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের মো. রবিউল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে দুটি মামলা রয়েছে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও এস্কাফ সিরাপ উদ্ধার
গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭-এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের ভাদুর মোড় নামক স্থানে অভিযান চালানো হয়।
হাবিলদার রাশেল বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন ভারতীয় এক বোতল মদ ও তিন বোতল সিরাপ আটক করা হয়।
স্রীনাথপুর সীমান্তে অবৈধ পারাপারে সহায়তাকারী আটক
গত ২৫ নভেম্বর রাত ১টায় স্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১-এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্রীনাথপুর গ্রামের মঠপাড়া ইছামতি নদীর বাঁশের সাঁকোর দক্ষিণ পাশ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী মো. সাজিব হোসেনকে (২৬) আটক করা হয়।
নায়েব সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক সাজিব হোসেন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
জীবননগর সীমান্তে ১১২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার
গত ২৫ নভেম্বর রাত ১টা ১০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের বড় ব্রিজের পূর্ব পাশে অভিযান চালানো হয়।
নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ১১২ বোতল ভারতীয় সিরাপ (এস্কাফ সিরাপ) আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ পারাপার প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
