× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনিপুরীদের ১৮৪ তম রাসোৎসব, রাধাকৃষ্ণের প্রেমকাব্যে মুগ্ধ বিদেশীরা

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৫ নভেম্বর ২০২৬, ১৯:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের সীমান্তবর্তী জনপদ কমলগঞ্জ। পাহাড়, টিলা আর নয়ন জোড়ানো চা বাগান সমৃদ্ধ অঞ্চলটির সবুজ বনের ফাঁকে ফাঁকে শতশত বছর ধরে আলাদা আলাদা ভাষা, স্বতন্ত্র সংস্কৃতিকে ধারণ করে বসবাস করছেন আধিবাসী জনগোষ্টীর প্রায় অর্ধশত সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে মনিপুরী সম্প্রদায় অন্যতম। মনিপুরীদের রয়েছে নিজস্ব ভাষা আর নান্দনিক সাংস্কৃতিক ঐতিহ্য।

প্রতি বছর শীতের শুরুতে কার্তিক মাসের পূর্ণিমা থিতিতে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাসোৎসবকে কেন্দ্র করেই গোটা কমলগঞ্জের সংস্কৃতি যেন জেগে উঠে নব-উদ্যমে। এ বছরও নানা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনিপুরী সম্প্রদায়ের ১৮৪তম রাসোৎসবে। গত মঙ্গলবার থেকে শুরু হয় দুদিন ব্যাপী রাসোৎস। গতকাল বুধবার সকাল থেকে গোধূলি পর্যন্ত চলে মণ্ডপে মণ্ডপে তাদের ঐতিহ্যবাহী রাখাল নৃত্য। উৎসব ঘিরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়া মণ্ডপে পূণ্যার্থী আর লাখো দর্শনার্থীদের পদচারণা ছিলো চোখে পড়ার মতো।

উৎসবে প্রতি বছরের মতো এবারও ইতালী, ফ্রান্স, ডেনমার্ক,অষ্ট্রিয়া,পর্তুগাল সহ এসেছেন ইউরোপের বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক পর্যটকও। রাসোৎসবকে কেন্দ্র করে পুরো মনিপুরী পাড়ার ঘরে ঘরে উৎসবের রঙে রাঙানো। ঐতিহ্যর পথ বেয়ে চলে আসা মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের মূল বার্তা শান্তি আর মানুষে মানুষে সম্প্রীতির মেলবন্ধন। সময়ের ব্যবধানে মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় এ আয়োজন এখানকার লোকজ সাংস্কৃতিরই অংশ হয়ে আছে।

গতকাল বুধবার কমলগঞ্জ উপজেলার মাধবপুরে অবস্থিত মনিপুরী ললিতকলা একাডেমী প্রাঙ্গণের জোড়া মণ্ডপে ঐতিহ্যবাহী মনিপুরী রাখাল নিত্যের মধ্যদিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী উৎসবের প্রথম পর্ব। দুপুর থেকে গূধুলী পর্যন্ত খোলা আকাশের নিচে একাধিক কুঞ্জে চলে রাখাল নিত্যের নান্দনিক আয়োজন। রাত ১২ টায় শুরু হয় মূল পর্ব। ওই পর্বে রাধাকৃষ্ণের প্রেমকাব্যের অমর উপাখ্যান নিত্যের মাধ্যমে প্রদর্শন করা হয়। নান্দনিকতায় ভরা মূল পর্বের আয়োজন দেখে লাখো দর্শনার্থীর পাশাপাশি মুগ্ধ হন বিদেশী পর্যটকরাও।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মনিপুরী মহারাসলীলা সেবা সংঘ এর আয়োজনে রাসোৎসবের পুরো আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রষালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সন্ধ্যায় সরকারের এ দুই মন্ত্রী মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাসোৎসবে উপস্থিত হয়ে আলোচনা পর্বে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব,মৌলভীবাজারের জোলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার।

রাসোৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এখানে যে মনিপুরী ললিতকলা একাডেমি রয়েছে এটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পর বেগম খালেদা জিয়া এটার প্রতি বিশেষ ভাবে লক্ষ্য রাখতেন। অত এব এটা কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত। তিনি বলেন, আমাদের বক্তব্য হচ্ছে একটা জাতির সংস্কৃতিই তাদের বাঁচিয়ে রাখতে পারে। এসময় তিনি জানান আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে মনিপুরী ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করা হবে। এছাড়াও মনিপুরী নৃত্যের প্রসারে সংস্কৃতি মন্ত্রণালয় সবধরনের ব্যবস্থা নেবে।

মনিপুরী মহারাসলীলা সেবা সংঘ এর সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ বলেন, এবারের রাসোৎসবে আমাদের কমলগঞ্জে প্রচুর সংখ্যক বিদেশি পর্যটক এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেও প্রচুর পর্যটকের আগমন হয়েছে। সরকারের তরফেও সহযোগিতা পাচ্ছি। তিনি বলেন ইতিমধ্যে মনিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্যকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করতে ইউনেস্কে আবেদন করা হয়েছে।

মনিপুরীদের ঐতিহ্যেবাহী রাসোৎসবে দেখা হয় কমলগঞ্জের লোক সাহিত্য গবেষক আহমেদ সিরাজ এর সাথে। এসময় তিনি বলেন, এই রাসোৎসবে মনিপুরী সম্প্রদায়ের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যারা রয়েছেন এ অঞ্চলে তাদেরকে কেন্দ্র করেই এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় এবং এটা অনেক প্রাচীণকাল থেকে হয়ে আসছে, এর গুরুত্বও অপরিসীম। এখানে গারো, সাঁওতাল, মনিপুরী, খাসিয়া সহ সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর জমায়েত হয়। বলা চলে এটা একটা লোকজ উৎসব এবং একধরনের মেলা বা মেলবন্ধন। সমস্ত সংস্কৃতি এক জায়গায় মিলিত হওয়া এক অসম্ভব বৈচিত্র্য। আমাদের কমলগঞ্জ উপজেলা একমাত্র জনপদ যা পুরো বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে।

এবারের রাসোৎসবে উপস্থিত হয়েছেন ইউরোপের বেশ কয়েকটি দেশের পর্যটকরাও। তাদের মধ্যে ইতালির পর্যটক স্যাসুয়েল ও অষ্ট্রিয়ার পর্যটক এঞ্জেলার সাথে কথা হলে এ দুই পর্যটক বলেন, মনিপুরী সহ আধিবাসী জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তাদের মুগ্ধ করেছে। বিশেষ করে রাসোৎসবে মনিপুরীদের রাখাল নৃত্য ও রাধাকৃষ্ণের প্রেম কাব্যের অমর উপাখ্যান দেখে তারা মুগ্ধ।

রাসোৎসবে আসা মনিপুরী সম্প্রদায়ের একাধিক তরুণী জানান, আসলে আমাদের মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই রাসোৎসব। যেটা কার্তিক মাসের পূর্ণিমা থিতিতে হয়ে থাকে। এটা সিলেট বিভাগের কমলগঞ্জ উপজেলায় ১৮৪ বছর ধরে চলে আসছে।

তারা বলেন, এখানে হাজারো দর্শনার্থী আসে, শুধুযে আমাদের সংস্কৃতির মানুষ আসে তা না, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা মিলন মেলা হয়ে উঠে। আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। সবার সাথে একটা মেলবন্ধন হয়,আনন্দ হয়। বিশেষ করে আমাদের মনিপুরী সম্প্রদায়ের উপজাতি রয়েছি আমরা আধ্যাত্মিককতার সাথে দিনটাকে উপভোগ করি।

এদিকে ১৮৪ তম রাসোৎসবকে কেন্দ্র করে পুরো মাধপুর জুড়ে সড়কের দুপাশে বসেছে মনিপুরী তাত ও হস্তশিল্পের নানা পণ্যের বিপুল সংখ্যক  দোকান, খেলনা,খাবারের দোকান সহ নানা পণ্যের স্টল। রাসোৎসব ঘিরে পুরো এলাকা জুড়ে পুলিশ, এসআরবি সহ আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.